নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

লাইব্রেরি পুনর্নিমাণে সরকারি সহায়তার আশ্বাস

জামিয়া আশরাফিয়ার মাদ্রাসা পরিদর্শনে মামুন মাহমুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১০, ১১ নভেম্বর ২০২৬

জামিয়া আশরাফিয়ার মাদ্রাসা পরিদর্শনে মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মানুষের যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনে সহযোগিতা করা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষের সেবায় বিএনপি নেতাকর্মী সবসময় পাশে থাকবেন।

‎‎বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ও লাইব্রেরি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

‎‎অধ্যাপক মামুন মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডে মাদ্রাসার গুরুত্বপূর্ণ লাইব্রেরিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা অনেক দুর্লভ কিতাব সংরক্ষণ করা হয়েছিল। আলেম-ওলামা ও গবেষকরা সেখানে গবেষণা করতেন এবং শিক্ষার্থীরা জ্ঞানচর্চা করত। ঐতিহ্যবাহী এই পাঠাগারটি ক্ষতিগ্রস্ত হওয়া অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।

‎‎তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ পুড়ে আহত না হলেও ধোঁয়ায় আক্রান্ত হয়ে ৭০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের ঢাকা বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরেছে। বর্তমানে আটজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

‎‎মামুন মাহমুদ আরও বলেন, অসুস্থ শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে আবার মাদ্রাসায় ফিরে এসে পড়াশোনা করতে পারে এ জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন।

‎‎তিনি জানান, ক্ষতিগ্রস্ত লাইব্রেরিটি নতুন করে নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে অনুদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে আশ্বস্ত করে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের পাশে সবসময় থাকবেন।

‎‎অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকেও আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে। মন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

‎‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন