নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, নারী সাংবাদিকদের তীব্র ক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৮, ২৫ মে ২০২৬ | আপডেট: ২১:৪৫, ২৫ মে ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, নারী সাংবাদিকদের তীব্র ক্ষোভ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, একাধিক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফাঁসের ঘটনা এবং নজিরবিহীন চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা খন্দকার আলমগীর হোসেনের রিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সাংবাদিক ঐক্য’র ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নারী সাংবাদিক ঐক্যের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা এবং সদস্য সচিব জেসমিন জুই তীব্র ক্ষোভ প্রকাশ করে আল্টিমেটাম দিয়েছেন। এ নিয়ে তীব্র তোলপাড় চলছে সাংবাদিক মহলে। অভিযুক্ত ব্যক্তি খন্দকার আলমগীর হোসেন নিজেকে সাংবাদিক নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

এ সময় জেসমিন জুই তার বক্তব্যে বলেন, খন্দকার আলমগীরের মতো একজন চিহ্নিত চারিত্রিক স্খলনকারী ও চাঁদাবাজ যখন জাতীয় প্রেসক্লাব বা ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের নেতা পরিচয় দেন, তখন কর্মক্ষেত্রে নারী সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। এই কলঙ্কিত অধ্যায় সাংবাদিকতার মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে।”

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আলমগীরের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিলে ডিইউজে, ডিআরইউ এবং প্রেসক্লাব নেতৃত্বকে এর দায় নিতে হবে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভুক্তভোগীদের পক্ষ থেকে ধর্ষণ ও চাঁদাবাজির সুনির্দিষ্ট মামলা করা হবে বলেও জানানো হয়।

এদিকে  ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার সংগঠনের এক নোটিশে জানিয়েছেন,  (ডিইউজে) অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) (৩) এ উল্লেখিত বিধানাবলী অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা  নৈতিক স্খলন ও  সুনাম হানিকর কার্যকলাপের অভিযোগ খন্দকার আলমগীর হোসেনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। 

একই সাথে ডিইউজে’র স্বার্থ, শৃঙ্খলা  নৈতিক স্খলন ও  সুনাম হানিকর কার্যকলাপের অভিযোগ কেন তার সদস্যপদ বাতিল করা হবে না-আগামী ৩ (তিন) দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। 

অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি খন্দকার আলমগীর হোসেনের একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, ২০২৫ সালের ৮ অক্টোবর দুপুরে এক নারীর সঙ্গে অনৈতিকাবস্থায় গোপনে ভিডিও ধারণ করা হয়। 

ভুক্তভোগীদের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি একাধিক নারীর জীবন ধ্বংস করেছেন। এছাড়া পেশাদার সাংবাদিক না হয়েও পরিচয় ভাঙিয়ে নিয়মিত বিভিন্ন আবাসিক হোটেলে যাতায়াতের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

সিদ্ধিরগঞ্জে ১০ তলা ভবন, দুদকের তদন্ত দাবি করে ভুক্তভোগীরা বলেন, ৫ আগস্ট পটপরিবর্তনের পর খন্দকার আলমগীরের আর্থিক উত্থান রূপকথাকাহিনিকেও হার মানিয়েছে। গত এক দশক কোনো মূলধারার গণমাধ্যমে যুক্ত না থাকলেও তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো পেশাদার গণমাধ্যমে কাজ না করেও ৫ আগস্টের পর রাতারাতি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আলমের পঁচা সাবান’ কারখানার পাশে ৫ কাঠা জমির ওপর একটি ১০ তলা ভবন নির্মাণ করেছেন তিনি। একজন কথিত সংবাদকর্মীর এমন আকাশচুম্বী আয়ের উৎস নিয়ে জনমনে গভীর প্রশ্ন উঠেছে। অবিলম্বে তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের  দলীয় লেজুড়বৃত্তি এবং লবিংয়ের জোরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রভাবশালী পদ বাগিয়ে নেন কথিত এই সাংবাদিক নামধারী আলমগীর। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে আলমগীরসহ একটি চক্র বিভিন্ন মিডিয়া হাউজে প্রভাব বিস্তার, সাংবাদিকদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে চাকরিচ্যুত করার হুমকি এবং মিডিয়া হাউস বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে মালিক পক্ষকে হুমকি দিয়ে  চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল সহ সুবিধা ভোগ করে আসছে।

মানববন্ধনে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। সাংবাদিক সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পেশাকে কলঙ্কমুক্ত করতে এবং সাংবাদিক  সংগঠন গুলোকে পরিচ্ছন্ন করতে এই অপরাধী চক্রের মূলোৎপাটন এখন সময়ের দাবি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন