শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:০৪, ৩০ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৬, ৩০ মে ২০২৬
একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছর বয়সের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে হাসপাতালটির ওয়ার্ড বয়। এ ঘটনার একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নুর নবীকে (২০) আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থানার সারুলিয়ায় শামসুল হক জেনারেল হাসপাতালে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ডেমরা থানায় ভুক্তভোগীর বাবা লম্পট নুর নবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকারীর ছেলে। সে বর্তমানে শামসুল হক জেনারেল হাসপাতালেই ওয়ার্ড বয় হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটির মা গত ২৭ মে দিবাগত রাতে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য ওই হাসপাতালটিতে ভর্তি হয়। পরবর্তীতে একটি কেবিনে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মায়ের সঙ্গেই হাসপাতালে অবস্থান করছিল।
সে সুবাদে অবসরে ওই ভুক্তভোগী হাসপাতালটির ওয়েটিংরুমে টেলিভিশন দেখতে যেত। এদিকে গত শুক্রবার (২৯ মে) বিকালে ওয়েটিং রুমে কোন নার্স বা দায়িত্ব রত কেউ না থাকায় নুর নবী নানা কৌশলে মেয়েটির গোপনাঙ্গে হাত দিয়ে তার যৌন কামনা চরিতার্থের চেষ্টা করে।
এই ঘটনায় মেয়েটি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে সব খুলে বলে। পরে মেয়েটির বাবা লম্পট নুর নবীকে স্থানীয় লোকজনের মাধ্যমে আটক করে। এ সময় হাসপাতালটির ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনার ভিডিও ধারণ হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মানুষের এত বড় নৈতিক অবক্ষয় কিছুতেই মেনে নেয়া যায় না। হাসপাতালে আড়াই বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করা কিছুতেই ছাড় দেওয়া যাবে না।
ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় নুর নবীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।