নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ডেমরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২০, ২ জুন ২০২৬

ডেমরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা-৫ আসন বিএনপি’র প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)। এছাড়াও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এ মহান নেতা। তাই আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছে জিয়াউর রহমানের নাম।

মঙ্গলবার বিকেলে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সারুলিয়া এলাকায় শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপি’র আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন। 

শহীদ জিয়াকে শ্রদ্ধায় স্মরণ করে ‘তোমার রক্তে রচিত আমাদের আত্মমর্যাদা ও স্বাধীনতার ইতিহাস’ এই স্লোগানে আলোচনা সভায় প্রধান অতিথি নবী উল্লাহ নবী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মানুষের জন্য মহান আল্লাহর এক অনন্য রহমত। তিনি এদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমরণ নিরলস পরিশ্রম করেছেন, করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা।

এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে যথোপযুক্ত নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন যা জাতি আজও ভুলেনি। স্বৈরাচার আওয়ামী লীগ যখন এ দেশে বাকশাল কায়েম করেছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। আর তার আদর্শ গায়ে মেখে বর্তমানে বাংলাদেশকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মা বেগম খালেদা জিয়ার অবদান এ দেশের মানুষ কখনোই ভুলবে না। আর বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বাঙালি জাতির কাছে। 

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশা, মুস্তাফিজুর রহমান খোকন, আত্মার মোল্লা ও হাজি বারেক, ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি নূর হোসেন ভূঁইয়া, ৬৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জয়নাল আবেদীন  ও সাধারণ সম্পাদক দুলাল ভূঁইয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাই ও ডেমরা থানা বিএনপির অন্যতম সদস্য মনির হোসেন খাঁন ও আহাদ উল্লাহসহ ডেমরা থানা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন