শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৪, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৪, ২ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের সুফল এখন দৃশ্যমান।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের সময় দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে পানি জমেনি।
রোববার (২ আগস্ট) কক্সবাজারের হোটেল সিগালে জাইকার অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)-এর আওতায় অনুষ্ঠিত হরাইজন্টাল লার্নিং অ্যাক্টিভিটি অব ফোর্থ পারফরম্যান্স বেইজড অ্যাপ্রোচ (পিবিএ) ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, কয়েকদিন আগে কক্সবাজার ও চট্টগ্রামে ভারী বৃষ্টিতে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হলেও একই সময়ে নারায়ণগঞ্জেও ভারী বৃষ্টি হয়েছে। তবে জাইকার প্রকল্পের আওতায় উন্নয়নকাজ বাস্তবায়নের ফলে বিবি রোড, স্যার সলিমুল্লাহ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
তিনি জানান, জাইকার সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রায় ৩২২ কোটি ৫৯ লাখ টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে চলমান প্রকল্পগুলোও নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করা হবে।
নাসিক প্রশাসক বলেন, “চলমান প্রকল্পগুলো আমরা দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করব। ঠিকাদারদের কাছ থেকে সময়মতো এবং মানসম্পন্ন কাজ নিশ্চিত করা হবে।”
দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের গুরুত্ব তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, “কক্সবাজারে যেমন প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক আসেন, তেমনি নারায়ণগঞ্জে প্রতিদিন পার্শ্ববর্তী জেলা থেকে লাখো শ্রমিক বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজ করতে আসেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
কক্সবাজার পৌরসভার প্রশাসক শামীম আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ আলী মোল্লা, জাইকা বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র আবাসিক প্রতিনিধি ইয়োকো মরিকাওয়া, আবাসিক প্রতিনিধি সাওরি কাজিমাসহ বিভিন্ন সিটি কর্পোরেশন ও জাইকা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।