নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক

বেশি বেশি গাছ লাগালে দ্রুত সময়ে ঢাকার বায়ু দূষণ কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

কারণ ঢাকা শহর বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের তালিকায় প্রথম থেকে দশম স্থানে থাকে সব সময়। শুক্রবার বাদ জুম্মা ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের সারুলিয়া টেংরা এলাকায় অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএসসিসি প্রশাসক আরও বলেন, মানুষ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং সড়কে চলাচলকৃত যানবাহন যে বিষাক্ত বায়ু নির্গমন করে সেগুলো শোষণ করতে পারে একমাত্র গাছ।

পাশাপাশি গাছ পরিবেশ থেকে ক্ষতিকারক গ্যাস সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত ধোঁয়া ও গ্যাস শোষণ করে। তাই ভবিষ্যত প্রজন্মকে সুস্থভাবে বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।

আর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খালের দু’পাশের অবৈধ দখল ও দোকানপাট সরিয়ে ফেলতে হবে। আর দখলদারেরা যদি ওইসব অবৈধ স্থাপনা না সরায় তাহলে ডিএসসিসির পক্ষ থেকে বাধ্য হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরানো হবে।

এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে আবদুস সালাম আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন দল নেই, নেই তাদের কোন ধর্ম।

তাই দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজীর শিকড় উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সমাজ থেকে নানা অপরাধ ও প্রতিবন্ধকতা দূর করতে সমাজিক ঐক্য গড়ে সরকারকে সহযোগীতা করারও অননুরোধ জানান তিনি। বিশেষ করে মানুষের কল্যাণের কাজে ডিএসসিসির পাশে এলাকাবাসীদের থাকার আহবান জানান প্রশাসক আবদুস সালাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপিসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার লিটন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুস সবুর খাঁন ও ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী ডা. রফিকুল ইসলামসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন