নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপির নারী সংগঠনগুলোকে আরও সচেতন ও সুসংগঠিত হতে হবে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নারী সংগঠনগুলোকে আরও সচেতন ও সুসংগঠিত হতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিগত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামের রাজপথে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলাদলও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেছে। দলের আন্দোলন-সংগ্রামে মহিলাদলের এই অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়া বালুরমাঠ এলাকায় অবস্থিত সিনেমন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, রাজনীতিতে রাগ বা অভিমানের কোনো স্থান নেই। কেউ অভিমান করে সংগঠন থেকে দূরে সরে গেলে তার স্থান অন্য কেউ দখল করে নেবে। তাই নিজেদের অবস্থান সুসংহত রাখতে মহিলাদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত হতে হবে।

‎‎তিনি বলেন, সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে কারও পক্ষে সেই স্থান দখল করা সম্ভব হবে না। কিন্তু দুর্বল হয়ে বা অভিমান করে দূরে সরে গেলে অন্যরা সেই সুযোগ গ্রহণ করবে। তাই কোনোভাবেই সংগঠনকে দুর্বল হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

‎‎আসন্ন নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে কিছু গুপ্ত সংগঠন ধর্মের কথা বলে নারীদের কাছ থেকে ভোট আদায় করেছে। এ পরিস্থিতিতে বিএনপির নারী সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সচেতন ও সুসংগঠিত হতে হবে।

‎‎তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনও আসবে। এসব নির্বাচনে মহিলাদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই আদর্শনিষ্ঠ ও শক্তিশালী সংগঠন হিসেবে নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলকে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎‎অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের নেতাকর্মীরা বিএনপির আন্দোলন-সংগ্রামকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎‎‎নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলাদের সাবেক সভাপতি রাশিদা জামাল, মহিলাদল নেত্রী জোবাইদা নাসরিন রাণীসহ মহানগর মহিলাদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন