শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৪, ৪ মার্চ ২০২৬
সপ্তাহ না ঘুরতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) –এ প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিটটি দায়ের করেন ছয়জন আইনজীবী। রিটকারীরা হলেন- মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।
তারা নাসিক প্রশাসক ছাড়াও দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের বিরুদ্ধেও রিটটি দায়ের করেন। এতে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করেছেন। রিটকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া বলেন, আগামী সপ্তাহে বিষয়টি শুনানির জন্য হাইকোর্টে উঠতে পারে।
রিট আবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রশাসক নিয়োগ–সংক্রান্ত ‘মেমো’ আইনগত কর্তৃত্ববহির্ভূত। ওই মেমো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার কার্যক্রম কেন স্থগিত করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনারও আবেদন করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে ছয় সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়। এর পর ২৫ ফেব্রুয়ারি সকাল নয়টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এ প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।