নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

পশুর হাট ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা

অস্থায়ী পশুর হাটকে কেন্দ্র করে বিতর্কে নাসিক প্রশাসক!

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪২, ১২ মে ২০২৬ | আপডেট: ২১:৪৫, ১২ মে ২০২৬

অস্থায়ী পশুর হাটকে কেন্দ্র করে বিতর্কে নাসিক প্রশাসক!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একাধিক ওয়ার্ডে পাশাপাশি একাধিক হাটের অনুমোদন দেওয়া, একই প্রবেশপথ ব্যবহার এবং সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা ও বিএনপি নেতাদের কোন্দল ও বিতর্কিত কর্মকান্ডে  নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ঘিরে বিতর্ক তৈরি করছে।

‎‎জানা গেছে, প্রথম ধাপে নাসিকের ২৭টি ওয়ার্ডে ২২টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়। তবে এর একদিন পর আরও ৫টি নতুন হাটের দরপত্র আহ্বান করা হলে মোট হাটের সংখ্যা দাঁড়ায় ২৭টিতে। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডে একই এলাকায় দুই থেকে তিনটি পর্যন্ত হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

‎‎স্থানীয়দের অভিযোগ, শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন এলাকায় পাশাপাশি একাধিক হাট অনুমোদনের ফলে পশুবাহী ট্রাক, বেপারী ও ইজারাদারদের মধ্যে প্রতিযোগিতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেকোনো সময় উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে এসব হাটের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

‎‎এদিকে মঙ্গলবার (১২ মে) সকালে সিদ্ধিরগঞ্জের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম হঠাৎ করে স্থগিত করেছে নাসিক কর্তৃপক্ষ। ‎‎সিটি কর্পোরেশনের প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসিকাধীন ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।” তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‎‎অন্যদিকে বন্দরে কোরবানির পশুর অস্থায়ী হাটকে কেন্দ্র করে চতুর্মুখী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। একই এলাকায় পুরোনো দুটি হাটের পাশাপাশি নতুন আরও দুটি হাটের অনুমোদন দেওয়ায় উদ্বেগ বাড়ছে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর এলাকার শীতলক্ষ্যা ব্রিজের নিচের পথ ব্যবহার করেই চারটি হাটের পশুবাহী ট্রাক ও বেপারীদের চলাচল করতে হবে। ফলে একই পথ দিয়ে হাজার হাজার গরু ওঠানামা করায় যেকোনো সময় বিশৃঙ্খলা, যানজট কিংবা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

‎‎বন্দরে যেসব স্থানে হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো হলো—নাসিকের ১৯ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা পাওয়ার হাউস সংলগ্ন খালি জায়গা ২০ নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া বালুর মাঠ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন ঐতিহাসিক ফরাজিকান্দা বালুর মাঠ ‎এর মধ্যে তিনটি হাট নাসিকের অধীনে এবং একটি বন্দর উপজেলার অধীনে পরিচালিত হবে।

‎এলাকাবাসীর দাবি, চারটি হাট একই এলাকায় হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী ট্রাক ও ব্যবসায়ীদের একই রাস্তায় চলাচল করতে হবে। এতে বেপারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি ইজারাদারদের লোকজনের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

‎‎স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঈদের আগে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর হাট পুনর্বিবেচনা কিংবা স্থগিত করার দাবি জানিয়েছেন তারা। 

তারা বলছেন, নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনে যোগ দেয়ার পর জনদূর্ভোগ নিরসনে নানা পদক্ষেপ গ্রহন করে বেশ সমাদৃত হয়েছেন। এসব কর্মকার্ন্ডে তার উপর জনগনের আস্থা সৃষ্টি হলেও অস্থায়ী পশুর হাটকে নিয়ে নানা বিশৃংখলায় তাদের মনে প্রশ্ন উঠেছে। নাসিক প্রশাসক কি দলীয় লোকদের স্বার্থেই অটল থাকবেন না নগরবাসীর বৃহত্তর স্বার্থে যথাযথ ব্যবস্থা নিবেন এটাই এখন দেখার বিষয়। 

এ বিষয়ে কথা বলতে নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন