নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতংক

জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধপ্রবণতা, উদ্বেগ

১৪ বছরে খুনের শিকার ১৬৮৬, ২০২৫ সালে মাসে ১০টি করে খুন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৬, ২৩ মে ২০২৬ | আপডেট: ২৩:০১, ২৩ মে ২০২৬

জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধপ্রবণতা, উদ্বেগ

শিল্পনগরী নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির পথে। হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধপ্রবণতা। মাদক কারবারি, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত ৪০ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জ শহরসহ বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় পৃথক ৩টি সহিংস ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর আগের কয়েক দিনে খুন হন আরো দুজন। এসব খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। 

এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় নারায়ণগঞ্জের চেনা চিত্র। অলিগলিতে মানুষের চলাচল কমে আসে, দোকানের শাটার নেমে যায় দ্রুত, বাসার দরজায় অতিরিক্ত তালা ঝোলে। শহরের মানুষ এখন দিনের আলোয় যতটা নিশ্চিন্ত, রাত নামলেই ততটাই সতর্ক।

অপরাধের আশঙ্কা, অজানা আতঙ্ক আর হঠাৎ ঘটে যাওয়া সহিংসতার ভয় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। শিল্প আর বাণিজ্যের শহর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ এখন অনেকের কাছেই নিরাপত্তাহীন এক নগরীর নাম। শেষ তিনটি খুনের ঘটনা ঘটেছে মাদক সেবনে বাধা, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং সামান্য চাঁদা নিয়ে সংঘর্ষে। 

গত বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার অটোচালক মো. মমিনের মৃত্যু হয়। তিনি নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

স্বজনদের অভিযোগ, স্থানীয় লাইনম্যান শাহিন প্রথমে টাকা নেওয়ার পর আবারও চাঁদা দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন মমিন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।
এর কয়েক ঘণ্টার মাথায় বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি (৪০) খুন হন।

এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালানো হয়। পরে হত্যার অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী ও তার তিন সহযোগীকে আটক করে।

রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার তারাবো বাজার এলাকায় গত বৃহস্পতিবার মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় ৩৮ রাউন্ড গুলি। সংঘর্ষ চলাকালে রনি মিয়া (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সড়কের উপর এক অটোরিকশা চালক আমিনুল ইসলামকে (৪৮) গলা কেটে পালায় দুর্বৃত্তরা। 
স্থানীয়দের অভিযোগ, অটোরিকশা ছিনতাই করতে হামলাকারীরা যাত্রী ছদ্মবেশে গাড়িতে ওঠে। আহত অটোরিকশা চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এর আগে সোনারগাঁয়ে ঘরে ঢুকে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলাটিপে হত্যা করা হয়েছে। গত ১৩ মে দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে চার-পাঁচজনের একদল মুখোশধারী ঘরে ঢুকে গৃহকর্তাকে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কোনো ডাকাতির ঘটনা নয়। ডাকাতির নাটক সাজিয়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীকে হত্যা করেছে।

গত ১৪ মে দুপুরে ফতুল্লায় নাছির (৬০) নামের এক ডিশ লাইন ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। শুধু সাধারণ মানুষই নয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। গত দুই মাসে পুলিশ ও র‌্যাবের ওপর অন্তত পাঁচটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও রয়েছে।

গত ৫ মে ফতুল্লার মাসদাইর ও বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয় র‌্যাব-১১-এর একটি গোয়েন্দা দল। মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। এর আগে ৩০ এপ্রিল বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। হামলাকারীরা এক কনস্টেবলের আঙুল কেটে দিয়ে তাঁর সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

এর আগে ১৫ মার্চ গলাচিপা এলাকায় পুলিশ ও সোর্সের ওপর হামলার ঘটনা ঘটে। ৯ মার্চ নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের এএসআই লুৎফর রহমানের ওপর হামলা করে সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ৬ মে শহরের কাশিপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে আটক পাঁচ আসামিকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
ফতুল্লার দেওভোগ ও রূপগঞ্জের চনপাড়া এলাকাতেও পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, মাসদাইর ও চনপাড়ার মতো অপরাধপ্রবণ এলাকায় সন্ত্রাসীরা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তারা ড্রোন ও উন্নত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছে। কোনো এলাকায় পুলিশ প্রবেশ করলেই মোবাইল অ্যাপ ও ড্রোনের মাধ্যমে তারা সতর্ক হয়ে যাচ্ছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে।

চাষাঢ়া, কালীরবাজার ও ফতুল্লা এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন রতন বলেন, আগে সন্ত্রাসীরা পুলিশ দেখলে পালাত, এখন তারা পুলিশের ওপরই হামলা করছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

নারায়ণগঞ্জের সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। অপরাধীরা দ্রুত আইনের আওতায় না আসা এবং শাস্তি না পাওয়ায় অপরাধ বাড়ছে। এছাড়া রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে।

এই নিরাপত্তাহীনতার পেছনে যে পরিসংখ্যান, তা আরও উদ্বেগজনক। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নারায়ণগঞ্জ জেলায় খুন হয়েছেন ১২৬ জন। মাসের হিসেবে গড়ে ১০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা শুধু একটি বছরের নয়, বরং একটি ধারাবাহিক অবনতির ইঙ্গিত দেয়। একই সময়ে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং ভয়ংকরভাবে বেড়ে ওঠা গণপিটুনির ঘটনা।

পুলিশের নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ১৪ বছরে নারায়ণগঞ্জ জেলায় খুনের শিকার হয়েছেন মোট ১ হাজার ৬৮৩ জন। এই সময়ে ডাকাতির ঘটনা ঘটেছে ২৪৫টি, ছিনতাই ২৮৫টি, নারী নির্যাতন আইনে মামলা হয়েছে ৩ হাজার ৯৯৭টি, চুরি ২ হাজার ২০৪টি এবং মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২৭ হাজার ৬৭৩টি।

২০২৫ সালের অপরাধচিত্র আলাদাভাবে দেখলে পরিস্থিতির গভীরতা আরো স্পষ্ট হয়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ১২ মাসে খুন ছাড়াও চুরি হয়েছে ১৭৫টি, ছিনতাই ৭০টি, ডাকাতি ২৮টি এবং মাদক মামলা হয়েছে ১ হাজার ২৯৭টি। তবে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ মনে করেন, প্রকৃত অপরাধচিত্র এর চেয়েও ভয়াবহ। অনেক ভুক্তভোগী থানায় মামলা করতে চান না। পুলিশের কাছে গেলে হয়রানি, সময়ক্ষেপণ এবং শেষ পর্যন্ত বিচার না পাওয়ার আশঙ্কা তাদের পিছিয়ে দেয়। ফলে বহু অপরাধ নীরবে চাপা পড়ে যায়।

নারী ও শিশুদের নিরাপত্তার চিত্রও স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে জেলায় নারী ও শিশু নির্যাতনের ৩৪০টি ঘটনা নথিবদ্ধ হয়েছে। এর মধ্যে ৬২ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১২টি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৮ জনকে। শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ছিল ১২২টি এবং ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে ২১টি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, একই সময়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে ৩১৪টি।

বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল একটি ব্যক্তি বা পরিবারকেই ক্ষতিগ্রস্ত করে না। এটি সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে এই সহিংসতা থামানো কঠিন।

২০২৫ সালের হত্যাকান্ডগুলো শুধু সংখ্যায় নয়, বর্বরতার দিক থেকেও একে অন্যকে ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারির শুরুতে রূপগঞ্জের তারাবো পৌরসভায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে প্রাণ হারান দুই যুবক। কয়েক দিনের ব্যবধানে ফতুল্লার পূর্বলালপুর রেললাইন এলাকায় প্রকাশ্য গুলিতে নিহত হন এক বিএনপি নেতা। মার্চের শেষ দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় তুচ্ছ তর্কাতর্কির জেরে পাভেল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

এপ্রিল মাসে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে উদ্ধার হয় দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ, যা পুরো জেলাজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। অক্টোবরে ফতুল্লার তক্কার মাঠ নন্দলালপুর সড়কের পাশ থেকে ড্রামের ভেতরে মো. নয়ন নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। জুলাই মাসে আড়াইহাজারে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে।

এছাড়া, রাজনৈতিক সহিংসতাও বছরজুড়ে প্রাণহানির তালিকাকে দীর্ঘ করেছে। মার্চে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে একজন নিহত হন। জুনে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে প্রাণ হারান এক ব্যবসায়ী।

সবচেয়ে উদ্বেগজনক প্রবণতা হিসেবে সামনে এসেছে গণপিটুনি। চোর বা ছিনতাইকারী সন্দেহ, ব্যক্তিগত শত্রুতা কিংবা মুহূর্তের উত্তেজনায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। গত ১২ মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণপিটুনিতে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। নভেম্বরের শেষ দিকে বন্দরের সোনাচড়া এলাকায় চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়।

এছাড়া আড়াইহাজার, বন্দর ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত সন্দেহ, চাঁদাবাজির অভিযোগ, পারিবারিক কলহ এবং জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সচেতন নাগরিকরা বলছেন, শুধু গ্রেপ্তার আর মামলা দিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরাধ দমনে প্রয়োজন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার, পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানো, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখার কার্যকর উদ্যোগ। অন্যথায় শিল্প, সংস্কৃতি আর ইতিহাসে সমৃদ্ধ নারায়ণগঞ্জ মানুষের কাছে নিরাপত্তাহীন এক নগরী হিসেবেই পরিচিত থেকে যাবে।

এসব বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে বিশেষ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরাধীরা যে পর্যায়েরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন