শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩০, ২৮ মে ২০২৬
নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদুল আজহা উপলক্ষে বন্দিদের জন্য নেওয়া হয়েছে নানা আয়োজন। বিশেষ খাবার, ঈদের জামাত, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন কারাবন্দিরা। এছাড়াও ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলারও আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) নারায়ণগঞ্জ জেলা কারাগার ঘুরে এ দৃশ্য দেখা যায়।
এবারের ঈদে কারাগারে মোট বন্দি আছেন ১ হাজার ৫৫২ জন। ঈদের দিন সকালে বন্দিদের জন্য কারাগারের ভেতরেই ঈদের জামাতের আয়োজন করা হয়। ঈদের জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ আব্দুল্লাহ।
ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন হিসেবে সকালের খাবারে পায়েস, সেমাই, মুড়ি দেয়া হয়েছে। দুপুরে পোলাও, গরু ও মুরগির মাংস, মিষ্টি, পান সুপারি ও কোল্ড ড্রিংকস দেয়া হয়েছে। সন্ধ্যায় দেয়া হয়েছে সাদা ভাত, আলুর দম ও মাছ। ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের একবার বাড়ি থেকে আনা খাবার খাওয়ার সুযোগ দেয়া হবে।
দুপুরের পর কারাগারের ভেতরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দিদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় আমি পাপী, তিনি জামিনদার গানটি পরিবেশন হলে অনেক বন্দিকে আবেগঘন পরিবেশে গলা মেলাতে দেখা যায়। এছাড়া বন্দিদের জন্য ছোট পরিসরে খেলাধুলারও আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেল সুপার ফোরকান জানান, ঈদের দিন কারাবন্দিদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঈদে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।