নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নে প২৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৬, ১ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৫৮, ১ জুলাই ২০২৬

শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নে প২৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত

ফতুল্লায় অবস্থিত শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নে প্রায় ২৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করেছে সরকার। একইসঙ্গে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যুতে রূপান্তরের লক্ষ্যে সমীক্ষা কার্যক্রমও গ্রহণ করা হচ্ছে।

গত মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক।

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানতে চান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তার বিস্তারিত কী।

জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক জানান, শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এর অধিকতর উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ৭০ লাখ টাকা।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্টেডিয়ামের অবকাঠামোগত সংস্কার, আধুনিকায়ন এবং প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজনের উপযোগী করে গড়ে তুলতে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যুতে রূপান্তরের সম্ভাবনা যাচাই করতে সমীক্ষা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে।

দীর্ঘদিন ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত ফতুল্লা স্টেডিয়াম নানা অবকাঠামোগত সমস্যার কারণে বড় ধরনের আন্তর্জাতিক ও জাতীয় আয়োজনের বাইরে রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আশা, প্রকল্পটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন হলে ফতুল্লা স্টেডিয়াম আবারও জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে ফিরে আসবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন