নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ সচেতনতামূলক সড়ক প্রচার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৮, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১০, ১৯ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ সচেতনতামূলক সড়ক প্রচার

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় রবিবার সকাল থেকে শহরের চাষাড়া, নিতাইগঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ জনবহুল এলাকায় মাইকিংয়ের  মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

প্রচার কার্যক্রমে জেলা তথ্য অফিসার রীনা পারভীন এর নেতৃত্বে কর্মচারীরা অংশ নেন। এ সময় পথচারী, দোকানদার ও যানবাহনের চালকদের মাঝে  সড়ক প্রচারের মাধ্যমে ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জেলা তথ্য অফিসের মাধ্যমে আমরা তৃণমূল পর্যন্ত এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, আগামী দিনগুলোতেও উপজেলা পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক প্রচার অব্যাহত থাকবে। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ ও বাজার কমিটির মাধ্যমে প্রচারণা জোরদার করা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত একদিন ‘পরিচ্ছন্নতা দিবস’ পালন করে জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দেন তারা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন