নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আজ নাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০২, ৩০ জুলাই ২০২৬

আজ নাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে।

এটি নাসিকের ১৫তম এবং সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বাজেট ঘোষণা করবেন। 

নাসিক জানায়, প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ১ হাজার কোটি টাকা। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে ১০০ কোটি টাকার বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। সেই তুলনায় নতুন বাজেটের আকার বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা। বাজেটে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতেও বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।

বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। এ ছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম একজন রাজনৈতিক প্রশাসকের নেতৃত্বে নাসিকের বাজেট ঘোষণা হতে যাচ্ছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। এরপর দুজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আদায় বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করার পরিকল্পনার ভিত্তিতেই এবার রেকর্ড পরিমাণ বাজেট প্রস্তাব করা হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন