শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৪, ১২ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান মুন্সী। ৯ মাসের মাথায় তার বদলির আদেশ এসেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়াও প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। অতিবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
প্রসঙ্গত, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে তিনি র্যাব ও পিবিআইতেও দায়িত্ব পালন করেছেন।