নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সারা দেশে প্রথম হয়ে

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন তোলারামের শিক্ষার্থী সুস্মিতা দে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন তোলারামের  শিক্ষার্থী সুস্মিতা দে

প্রয়াত বাবার প্রতি এ সম্মাননা উৎসর্গ করেন সুস্মিতা দে। ইনসেটে বাবা প্রয়াত নিমাই চন্দ্র দে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৯৪টি কলেজের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সুস্মিতা দে। ‎‎

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

‎‎সুস্মিতা দে নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে-এর কন্যা। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে হিসাববিজ্ঞান বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

‎‎মেয়ের এই অসাধারণ সাফল্যের কথা শুনে যেতে পারলেও তা নিজ চোখে দেখে যেতে পারেননি প্রয়াত নিমাই চন্দ্র দে। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুস্মিতা দে তার প্রয়াত বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন এবং প্রয়াত বাবার প্রতি এ সম্মাননা উৎসর্গ করেন। 

‎‎জাতীয় বিশ্ববিদ্যালয় এবারই প্রথমবারের মতো ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করেছে। এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মোট ৫৭ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

‎‎অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎‎সুস্মিতা দে-এর এই অর্জনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্য নারায়ণগঞ্জের শিক্ষাঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন