নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

প্রতিমা বিসর্জনে যান চলাচলে জেলা পুলিশের বিশেষ ট্রাফিক নির্দেশনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৬, ২০ অক্টোবর ২০২৬

প্রতিমা বিসর্জনে যান চলাচলে জেলা পুলিশের বিশেষ ট্রাফিক নির্দেশনা

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যান চলাচলে বিশেষ নির্দেশনা প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বিসর্জন শোভাযাত্রার নির্ধারিত রুট, বিসর্জন শেষে খালি যানবাহন বের হওয়ার পথ, একমুখী চলাচল, বাসের ইউটার্ন ও পার্কিং এবং ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

একই সঙ্গে প্রতিমা বিসর্জনের জন্য রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে পুলিশ।

নির্দেশনায় বুধবার (২১ অক্টোবর) দুপুর দুইটা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব বাস চাঁদমারী মোড় থেকে ঘুরিয়ে (ইউটার্ন) নেওয়ার কথা বলা হয়েছে। চাঁদমারী মোড় দিয়ে মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু সড়কের (বিবি রোড) দিকে কোনো বাস যেতে পারবে না।

ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বাস টার্মিনালের আঞ্চলিক বাস ও মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাস হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করতে পারবে। নিতাইগঞ্জ থেকে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত একটার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।

বিসর্জনের শোভাযাত্রার জন্য তিনটি রুট নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে যাবে। নিতাইগঞ্জ ও টানবাজারের শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু ও ২ নম্বর রেলগেট হয়ে ঘাটে পৌঁছাবে। বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে বিসর্জন ঘাটে যাবে।

বিসর্জন শেষে খালি যানবাহন ঘাট থেকে কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। ঘাট থেকে মাওয়া হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত যান চলাচল একমুখী থাকবে। মেট্রো হল থেকে মাউরা হোটেল কিংবা কালীবাজারের দিকে কোনো যানবাহন যেতে পারবে না।

এ ছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারের দিকে একমুখী যান চলাচল করবে। উল্টো পথে চলাচল করা যাবে না।

চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল ও গলাচিপা মোড় এবং মণ্ডলপাড়া সেতুতে ছয় আসনের বড় আকারের অটোরিকশা ইউটার্ন ব্যবস্থা অব্যাহত রাখবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন