শিরোনাম:
মামুনুর রহমান
প্রকাশ: ১৪:২৯, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, একটি বিশাল সমস্যা ছিল নারায়ণগঞ্জে, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন।
নারায়ণগঞ্জ শহরের ২০টি স্পটে মাদকের কারবার হয়। শহরের চিহ্নিত মাদক স্পটগুলো নির্মূল এবং দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত দুইটায় নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে।
সে কারণেই ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে।গত ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে।
নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে।
এর আগে কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষে রাত ২টার দিকে কাঁচপুরের জনসভায় যোগ দেন তারেক রহমান।
মধ্যরাতেও কাঁচপুর বালুর মাঠ নেতাকর্মীর উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ।
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।
এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামের খেটে খাওয়া মানুষের পরিবারের গৃহিণীদের হাতে প্রতি মাসে অন্তত ৭ থেকে ১০ দিনের নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
কয়েক বছর এই কার্যক্রম চালানো গেলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের তালিকা করে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বছরে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরকারিভাবে সরবরাহ করা হবে।
শহরের জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার চালুর ঘোষণা দেন তারেক রহমান।
তিনি বলেন, নদী-নালা ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিএনপি সরকার গঠন করলে নিজে খাল খনন কর্মসূচি শুরু করবেন।
এ ছাড়া মসজিদ-মাদ্রাসার খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।
তিনি বলেন, এতে ধর্মীয় নেতারা সম্মানজনক উপায়ে হালাল আয়ের সুযোগ পাবেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ -২ আসনের প্রার্থী নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম,নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।