শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে।
নির্বাচিত হলে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে, যাতে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা সহজ হয়। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার আওতায় বিনা সুদে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে, যা পরিশোধের কোনো চাপ থাকবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আজহারুল ইসলাম মান্নান বলেন,নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি নির্বাচিত হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকব। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।