নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ধানের শীষের মান রাখলো ২০নং ওয়ার্ডের ৬ নেতা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ধানের শীষের মান রাখলো ২০নং ওয়ার্ডের ৬ নেতা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দর এলাকার বেশ কিছু কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের আশানুরূপ ফলাফল না হলেও, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে ধানের শীষের মান ধরে রেখেছেন স্থানীয় নেতার্মীরা।

শহরকেন্দ্রিক এই ওয়ার্ডের ৪টি কেন্দ্রের মধ্যে ৩টিতেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে ধানের শীষ। প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির এই শক্ত অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০নং ওয়ার্ডের ৪টি কেন্দ্রের দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন ৬ জন প্রভাবশালী বিএনপি নেতা। তারা হলেন— বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহাম্মেদ, মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী সামাউন হাবিব, হাজী মোক্তার হোসেন মামুন এবং বন্দর থানার সাবেক যুবদল নেতা নাদিম মাহমুদ।

মূলত এই ৬ নেতার দিনরাত পরিশ্রম ও সুসংগঠিত তৎপরতায় ৪টি কেন্দ্রের মধ্যে ৩টিতেই বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে।

ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৮৭৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়াল ঘড়ি পেয়েছে ৭৪১ ভোট। সোনাকান্দা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১০৯২ ভোট পেয়ে জয়ী হয়, যেখানে দেওয়াল ঘড়ি পায় ৭৪৮ ভোট।

এছাড়া ৫২নং বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১৫০৯ ভোট এবং দেওয়াল ঘড়ি ১০২২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করে। তবে ফরাজীকান্দা কেন্দ্রটিতে ধানের শীষের চেয়ে দেওয়াল ঘড়ি মাত্র ৮২ ভোটের সামান্য ব্যবধানে জয়ী হয়।

সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের তুলনায় ২০নং ওয়ার্ডের এই ফলাফল ধানের শীষের অনুকূলে থাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে এক সময় যেসব কেন্দ্রে আওয়ামী লীগের শক্ত প্রভাব ছিল, সেখানে বিএনপির এমন অভাবনীয় সাফল্য সকলকে চমকে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধানের শীষের প্রার্থীর সার্বিক ফলাফলের নেপথ্যে ২০নং ওয়ার্ডের এই ৩টি কেন্দ্রের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অত্র ওয়ার্ডের নেতা-কর্মীরা জানান, নির্বাচনের আগে প্রার্থীকে দেওয়া তাদের প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। চরম ভরাডুবির মাঝেও তারা প্রার্থীর সম্মান রক্ষা করেছেন। তাই এখন তাদের প্রত্যাশা, ধানের শীষের প্রার্থী যেন ২০নং ওয়ার্ডের উন্নয়ন এবং এখানকার নেতা-কর্মীদের ওপর বিশেষ সুনজর রাখেন।###

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন