মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় চাষাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মন্টু ঘোষ, জেলার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, সদস্য দুলাল সাহা, নারী নেত্রী কৃষ্ণা ঘোষ, শোভা সাহা সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেলো আজও এদেশের সাধারণ মানুষ স্বাধীনতার স্বাদ পুরোপুরি পায়নি। এতো বছর পরও মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়নি। অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ এর স্বপ্ন পূরণ হয়নি। স্বাধীনতাবিরোধী অপশক্তির উত্থান ঘটেছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। নারী-শিশু ধর্ষণ-নিপীড়ন, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন ও সাম্রাজ্যবাদের কবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন অধরাই রয়ে গেছে।
তারা বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারায় শোষণ-বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে হবে। তবেই স্বাধীনতার প্রকৃত স্বপ্ন পূর্ণতা পাবে। সবাইকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান নেতৃবৃন্দ।