নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে : নাহিদ ইসলাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৩, ২৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এটি ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, বরং বর্তমান বাস্তবতা। সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে। এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে এ অঞ্চলকে একটি মাফিয়া নিয়ন্ত্রিত এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছিল, যেখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদাররা। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাব ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা দেশ ছাড়তে বাধ্য হয়।

নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়ার উত্থান যেন না ঘটে, সে বিষয়ে এনসিপি সতর্ক থাকবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দল দৃঢ় অবস্থান নেবে।

বর্তমান রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এখন আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে পুনর্গঠন করা, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।
 
এ সময় তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার (বিএনপি) গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয়-এমন দ্বিচারিতা আমরা আগে আওয়ামী আমলেও দেখেছি।

আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, “যদি এই প্রবণতা চলতে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানাবে।

তিনি বলেন, এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না । সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই সংগ্রাম দেশের সব জায়গার মতো নারায়ণগঞ্জেও চালিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন