শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪১, ১ জুন ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, “আমরা ইমানদার নেতা তারেক রহমানের সৈনিক। আমাদের ইমানের সঙ্গে চলতে হবে, সত্যের পথে চলতে হবে। জননেতা তারেক রহমান সত্যের পথে সবসময় অবিচল।”
রোববার (৩১ মে) সন্ধ্যায় নগরীর চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন ও আধুনিকায়নের ভিত্তি রচনা করেছিলেন। শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন এবং উৎপাদন বৃদ্ধিতে তার অবদান আজও দেশের মানুষ স্মরণ করে। তিনি মহান স্বাধীনতার ঘোষক হিসেবে জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের অবদান সম্পর্কে দেশের মানুষ অবগত। আজ তার আত্মার মাগফিরাত কামনার দিন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করছি।”
তারেক রহমান প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, “আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার সাহস ও দিকনির্দেশনা দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দেশের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন।”
চাষাড়ার ঐতিহ্যবাহী শহীদ জিয়া হলের আধুনিকায়নের দাবির বিষয়ে তিনি বলেন, “আপনারা জিয়া হলের কথা বলেছেন। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো, কীভাবে এই হলটিকে আধুনিকায়ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”
দোয়া ও মিলাদ মাহফিলে মহানগর যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক প্রমুখ।