শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৭, ২ জুন ২০২৬ | আপডেট: ২০:০৮, ২ জুন ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর আদর্শ ও ত্যাগের শিক্ষা ধারণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সাবেক রাষ্ট্রপতি (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের বাতেনপাড়া ক্যানেলপাড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম।
জিয়াউর রহমানের ত্যাগের প্রসঙ্গে সজল বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান নিজের পরিবারকে ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় রেখে দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। দেশের মানুষের মুক্তির কথা চিন্তা করে তিনি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তাঁর এই আত্মত্যাগ ও দেশপ্রেম বিশ্ব ইতিহাসেও বিরল দৃষ্টান্ত।
আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে সজল বলেন, গত ১৭ বছর ধরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় বহু নেতাকর্মী হামলা, মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি যুবদলের নেতাকর্মীদের প্রাণও দিতে হয়েছে। একটি গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই আন্দোলন চালিয়ে গেছেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় সজল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। তাঁর নির্দেশনা অনুসরণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান।
মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার আহ্বান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সজল বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারা কখনও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি। বরং সুযোগসন্ধানীরাই দলের বদনাম করার চেষ্টা করেছে। পদ-পদবীর প্রচারণার চেয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই একজন রাজনৈতিক কর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন মানুষের কাছে যেতে, মানুষের হৃদয়ে থাকতে। আমি বিশ্বাস করি, প্রকৃত রাজনীতি হলো মানুষের পাশে থাকা এবং তাদের আস্থা অর্জন করা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য রিয়াজুল আলম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এমপি আজহারুল ইসলাম মান্নানের বিশেষ সহকারী সেলিম হোসেন দিপু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল,আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, বাদশা খান, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, শাহীন শরীফ, আঃ কাদির, যুবদল নেতা শাহজালাল কালু, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল প্রমুখ।