শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৩, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আওতাধীন ১৮নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তারকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল এবং ১৮নং ওয়ার্ড মহিলা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বন্যা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন তথ্য প্রচার করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানোরও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বন্যা আক্তার বলেন, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নার নেতৃত্বে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবেই তাকে ১৮নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “একটি মহল আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এসব ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বন্যা আক্তার দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলোর কোনো সত্যতা নেই এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি গুজব ও বিভ্রান্তিকর তথ্যের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।