শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৩১, ২৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, পলাতক শেখ হাসিনার অনুসারীরা এখনও দেশে সক্রিয় থেকে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আয়োজিত দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে অবস্থান করছে। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাদের সেই অপচেষ্টা কখনো সফল হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শক্ত অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও সংগঠিত থাকতে হবে।”
যুবদল নেতা সজল বলেন, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল মাঠে সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং দলের কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।