শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৪, ৩০ জুন ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ ইসলামি আন্দোলনের সংগঠক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি।
দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাকে এ দায়িত্বে মনোনীত করেন। সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন।
এর আগে, গত ২৭ জুন ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ শুরা অধিবেশনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে ৪৮ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ১১ সদস্যের প্রেসিডিয়াম ও ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরে গঠনতন্ত্রের ধারা-১৪ (গ) অনুযায়ী মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হয় এবং ধারা-১৫ (চ) অনুযায়ী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত করা হয়।
আতিকুর রহমান নান্নু মুন্সি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীমের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন ইসলামবিরোধী কর্মকাণ্ড, ভণ্ডামি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের জনগণের ওপর হামলা, নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মাধ্যমেই আমার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে আদর্শ আমি ধারণ করি, তা ইসলামী আন্দোলনের মধ্যেই সবচেয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, বরং ইসলামের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”