নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

চিকিৎসাধীন যুবদল নেতা আব্দুল্লাহকে দেখতে হাসপাতালে দেলোয়ার শাহ্

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ৩ জুলাই ২০২৬

চিকিৎসাধীন যুবদল নেতা আব্দুল্লাহকে দেখতে হাসপাতালে দেলোয়ার শাহ্

হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ্র স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ওই নেতাকে দেখতে যান তিনি।

এ সময় তিনি আব্দুল্লাহ্র সুচিকিৎসার ব্যাপারে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। সাক্ষাৎ শেষে দেলোয়ার হোসেন শাহ্ অসুস্থ সহকর্মীর হাতে নগদ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেলোয়ার হোসেন শাহ্ বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সহকর্মী আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন। আব্দুল্লাহ্র এই সংকটময় অবস্থা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে এসেছি।”

তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে আরও বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরও একজন ত্যাগী যুবদল নেতা শুধুমাত্র অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি, এটি আমাদের দলীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

তাই দলের সব বিত্তবান নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার আকুল অনুরোধ—দয়া করে আপনারা আব্দুল্লাহ্র পাশে দাঁড়ান, তার জীবনটা বাঁচাতে এগিয়ে আসুন।”

এদিকে হাসপাতালের শয্যায় শায়িত যুবদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ দলীয় নেতাকর্মীসহ সমাজের সকল বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “দয়া করে আমাকে বাঁচান, আমার পরিবারটাকে রক্ষা করুন। আমার একটি ছোট বাচ্চা আছে।

আমার কিছু হয়ে গেলে পুরো পরিবারটি পথে বসে পড়বে। আপনাদের কাছে অনুরোধ, যে যেভাবে পারেন সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়ে আমার পরিবারটিকে ধ্বংসের হাত থেকে বাঁচান।”

অসুস্থ আব্দুল্লাহকে সহায়তা করতে সরাসরি তার মোবাইল (০১৮১৪৭৬৩২২৫) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন