নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় : ইসলামী ছাত্র আন্দোলন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৬, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ২১:২৩, ২৪ জুলাই ২০২৬

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় : ইসলামী ছাত্র আন্দোলন

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা আয়োজিত “দ্রোহ ও জাগরণের জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি, জুলাইয়ের আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন শিক্ষার্থী দেশের অগ্রগতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা জীবন উৎসর্গের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করতে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুল ইসলাম সিয়াম। তিনি বলেন, জুলাই আন্দোলনে সংগঠনের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফতুল্লা থানা সভাপতি এম. মাসুম বিল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান এবং জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব সারফারাজ হক সজিব।

আলোচনা সভা শেষে জুলাইয়ের আহত ও শহীদদের আত্মত্যাগ স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন