শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:৪৪, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৪৫, ৬ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের ২ বছরপূর্তিতে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবী জানিয়ে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগষ্ট) জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু করে শহরের ২নং রেলগেট প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনার চত্বর ঘুরে খানপুর হাসপাতাল রোডে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।
তারিকুল সুজন বলেন, জুলাইয়ের দুই বছর পার হলেও যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছিলাম, সেই বাংলাদেশ আমরা পাইনি।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি,দখলদারিত্ব,সন্ত্রাস,গুজব রটানো চলমান আছে। বর্তমান সরকার বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে কিন্তু যারা এই বিষয় বিভিন্ন গুজব ছড়ানোর মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা জনগণের সাথে প্রতারণা করছেন। কিন্তু যতই বিভ্রান্তি ছড়াক এই জুলাই সনদ বাস্তবায়ন হবেই।
তিনি আরো বলেন, জেলার দুটি হাসপাতালে চিকিৎসা সেবা অপর্যাপ্ত। মানুষজন চিকিৎসা সেবা নিতে গিয়ে দালালদের খপ্পরে পড়েন, ভোগান্তির শিকার হন। প্রয়োজনীয় ঔষধ হাসপাতাল কর্তপক্ষ সরবরাহ করে না। নানান অজুহাতে বিভিন্ন টেষ্ট ধরাইয়া দেন। নাগরিকদের চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য। কারণ জনগণের টেক্সের টাকায় হাসপাতাল চলে।
তিনি নারায়ণগঞ্জবাসীকে সংঘটিত হয়ে চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং কখনো মাথা নত না করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, জেলা কমিটির সদস্য আবদুল আল মামুন, ব্যাটারি চালিত ভ্যান শ্রমিক-মালিক সংহতির সভাপতি ফরিদ মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ নেছার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা, সহ সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সদস্য সচিব তায়েব হাসান তাজবী প্রমুখ।