শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:০৩, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০৪, ৬ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও অর্থসম্পাদকের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্ত, ধৈর্যশীল ও আইনসম্মত আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের চেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন এবং পারস্পরিক সহনশীলতার মাধ্যমেই কেবল একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পেলে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে, যা দেশের সার্বিক স্বার্থের জন্য চরম ক্ষতিকর। এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সুবিধা আদায় করতে পারে, যা কারো জন্যই কল্যাণকর হবে না। তাই পরিস্থিতি শান্ত রাখতে বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে।
ঘটনার বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।