শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২১, ৬ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, তবে তাদের সেই চেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের অপশক্তির মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “পাটোয়ারীরা আজ জনগণের চোখের কাঁটায় পরিণত হয়েছে। তারা দেশকে একটি খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে চায়। এই পরিস্থিতি আমরা চলতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা অপশক্তিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বৃষ্টির সময় প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করা হলেও, তার মতে এটি নারীর প্রতি সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত।
সাখাওয়াত হোসেন খান বলেন, “বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা তাদের স্ত্রীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কারণ মানুষ দেখতে চায় একজন নেতা তার পরিবারের সদস্য, বিশেষ করে স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেন। কিন্তু আজ বিরোধী দল, গুপ্ত সংগঠন ও এনসিপি নারীর সেই মর্যাদা ও অবস্থানকে অস্বীকার করার চেষ্টা করছে।”
সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, রাশিদা জামাল, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সদর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।