নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নতুন মন্ত্রিসভায় এমপি আজাদকে ঘিরে আলোচনা, নারায়ণগঞ্জে বাড়ছে প্রত্যাশা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:৪৪, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৪৮, ১৪ আগস্ট ২০২৬

নতুন মন্ত্রিসভায় এমপি আজাদকে ঘিরে আলোচনা, নারায়ণগঞ্জে বাড়ছে প্রত্যাশা

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।
‎
‎দলীয় সূত্রের দাবি, মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা রয়েছে। এ প্রেক্ষাপটে নজরুল ইসলাম আজাদের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনো সরকার বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
‎
‎এর আগে মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের দায়িত্বে পরিবর্তন আনার প্রক্রিয়ায় কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভায় আরও পরিবর্তন এবং নতুন কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
‎
‎এদিকে, বিএনপি সরকার গঠনের পর নারায়ণগঞ্জ থেকে কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় জেলার দলীয় নেতাকর্মীদের একটি অংশ এবার নজরুল ইসলাম আজাদকে মন্ত্রিসভায় দেখতে চান।

জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশা, দলীয় সাংগঠনিক ভূমিকা, রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের কর্মকাণ্ড বিবেচনায় নারায়ণগঞ্জ থেকে এবার একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
‎
‎তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিএনপির দীর্ঘ রাজনৈতিক প্রতিকূল সময়ে নজরুল ইসলাম আজাদ রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও তারা উল্লেখ করেন।

‎নেতাকর্মীদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামের সময় মামলা, হামলা, গ্রেপ্তার ও হয়রানির শিকার দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের খোঁজখবর নিয়েছেন নজরুল ইসলাম আজাদ। এ কারণে তৃণমূল পর্যায়ে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন বলে দাবি তাদের।
‎
‎নেতাকর্মীরা আরও বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার পাশাপাশি জাতীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও নজরুল ইসলাম আজাদ ভূমিকা রেখে আসছেন। ফলে মন্ত্রিসভা পুনর্গঠনের সুযোগ এলে তাকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
‎
‎সব মিলিয়ে মন্ত্রিসভা পুনর্গঠনকে ঘিরে নজরুল ইসলাম আজাদের নাম আলোচনায় আসায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি মন্ত্রিসভায় স্থান পাবেন কি না এবং কোন দপ্তরের দায়িত্ব পেতে পারেন—তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
‎
‎নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, মন্ত্রিসভা পুনর্গঠন হলে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এ জন্য তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন