নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : রাজিব

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৬, ১৭ আগস্ট ২০২৬

পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : রাজিব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, “পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই অবক্ষয় থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

‎‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎রাজিব বলেন, অবকাঠামোগত উন্নয়ন ধারাবাহিকভাবে হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে আরও বেশি গুরুত্ব দিতে হবে। কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের ওপর।

‎‎তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মা-বাবার পর শিক্ষকদের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া এবং তাদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ ও ঈমানি দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

‎‎তিনি আরও বলেন, “বড়দের সম্মান করার যে মানসিকতা আমরা ছোটবেলা থেকে শিখেছি, তা বর্তমানে অনেক শিক্ষার্থীর মধ্যে কমে গেছে। পারিবারিক বন্ধনেরও ঘাটতি তৈরি হয়েছে। তাই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।”

‎‎কলেজের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গে রাজিব বলেন, শিক্ষার্থীদের জন্য বাসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি সংসদ সদস্যের প্রতি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কলেজের অন্যান্য প্রয়োজনও পূরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‎‎তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একমাত্র সরকারি কলেজ হিসেবে সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের শিক্ষার মান এমন পর্যায়ে নিতে হবে, যাতে ভবিষ্যতে এটি নারায়ণগঞ্জের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

‎‎কলেজের অনার্সের বিষয়গুলো আরও সম্প্রসারণ এবং ডিগ্রি কলেজে রূপান্তরের দাবির বিষয়েও তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য উদ্যোগ নিলে তা বাস্তবায়নের সুযোগ রয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করা হবে।

‎‎রাজিব বলেন, কলেজ কর্তৃপক্ষের উত্থাপিত দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের চেষ্টা করা হবে। তবে এর পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে গড়ে তোলার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

‎‎সরকারি মার্চেন্ট ওয়াকার্রস কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ছোলাইমান খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. শাখাওয়াত হোসেন খান, বিশেষ অথিতি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  মাশুকুল ইসলাম রাজিব।

‎‎এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুলল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন