নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অনুসরণ না করলে বিএনপির নেতাকর্মীরাও ব্যর্থ হবে : মামুন মাহমুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অনুসরণ না করলে বিএনপির নেতাকর্মীরাও ব্যর্থ হবে : মামুন মাহমুদ

ভিন্ন ধারায় রাজনীতি করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদেরও ব্যর্থ হতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যারা বুঝতে চাইবে না, অনুসরণ করতে পারবে না, তারা বিএনপির নেতাকর্মী হলেও ব্যর্থ হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দল পরিচালনা করতে চাচ্ছেন, মানুষের পাশে থেকে এই দল সেভাবেই কাজ করবে।”

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল এই কর্মসূচির আয়োজন করে।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, মানুষের গণতন্ত্র ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই বাকশালের বিরুদ্ধে ৪৮ বছর আগে বিএনপি গঠন করা হয়েছিল। বাকশাল থেকে বেরিয়ে এসে বহুমুখী গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল জাতীয়তাবাদী দল। বিএনপি বিগত ৪৮ বছর ধরে একই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে বিরোধী দলে থাকলে অধিকার আদায়ের রাজপথে থাকে এবং সরকারে থাকলে মানুষের সুখ ও অধিকার বিবেচনা করে দেশ পরিচালনা করে।

বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “যেহেতু আমাদের দল এখন সরকারে রয়েছে, আমরা গণমুখী, উন্নয়নমূলক ও সেবামূলক কর্মসূচি দিয়েছি। আজকে যে মাছের পোনা ছাড়া হলো, ছয় মাস পর এগুলো দেশের সম্পদে পরিণত হবে। এই উন্নয়নমূলক কাজগুলোর মাধ্যমে মৎস্যজীবী দল বিএনপিকে আরও শক্তিশালী করছে এবং তাদের হাত ধরেই দল সামনে আরও বড় ও জনপ্রিয় হবে।”

নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সানির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, মহানগর যুবদল সদস্য জুয়েল রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন