শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কঠোর সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে এ ধরনের বেয়াদবিপূর্ণ আচরণ প্রত্যাশিত নয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় জোটের লংমার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা অতিক্রম করার সময় নাসির উদ্দিন পাটোয়ারী লিংক রোডের মাথায় একটি গাড়ির ওপর দাঁড়িয়ে ‘যুবদল গেলি কই’ স্লোগান দেন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মনিরুল ইসলাম সজল।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় সজল বলেন, “এনসিপির নেতা ডার্বি নাসির নারায়ণগঞ্জের লিংক রোডের মাথায় গাড়ির ওপর দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, ‘যুবদল গেলি কই’। আমরা বলতে চাই, আমরা এ ধরনের বেয়াদবি কোনো রাজনৈতিক নেতার কাছে প্রত্যাশা করি না।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে এ শহরে টিকে ছিল।”
মনিরুল ইসলাম সজল আরও দাবি করেন, যুবদলের নেতাকর্মীরা চাইলে যে সড়কে দাঁড়িয়ে নাসির উদ্দিন পাটোয়ারী এ ধরনের বক্তব্য দিয়েছেন, সেখানে দাঁড়ানোর সক্ষমতা তার দল ও নেতাকর্মীদের থাকত না।
তিনি বলেন, “আমরা চাইলে যে রাস্তার ওপর দাঁড়িয়ে আপনি এ কথা বলেছেন, সেই রাস্তার ওপর দাঁড়ানোর ক্ষমতা আপনি ও আপনার দল রাখে না। কারণ যুবদলের নেতাকর্মীরা এই পথ দিয়ে আপনাদের লংমার্চ করতে দিত না।”