নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল : মাঠে বিএনপি, নিরব জামায়াত-এনসিপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল : মাঠে বিএনপি, নিরব জামায়াত-এনসিপি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং নারায়ণগঞ্জে স্থানীয়ভাবে ছড়ানো এমন একটি মিছিলের গুজবের পর উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। উদ্ভূত পরিস্থিতিতে মাঠ দখলে তৎপর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। 

তবে বিপরীত চিত্রে স্থানীয় জামায়াতে-ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-কে নিরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, যা রাজনীতির মাঠে নানা আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, গত শুক্রবার রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার নারায়ণগঞ্জের একটি স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ভিডিও আপলোড করা হয়।

ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। তবে সেটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের এই মিছিলের প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতেই রাজপথে নামেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “আপনারা জানেন, বিগত ১৭ বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার গডফাদাররা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করাই তাদের কাজ। 

আজকে যখন একটি নির্বাচিত সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়েছে, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন অপরাজনীতি করতে পবিত্র মসজিদকে বেছে নিয়েছে। মসজিদের নামাজ শেষ করে তারা অন্যায় মিছিল বের করছে, যা আমরা গত শুক্রবার গুলশানেও দেখেছি।”

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। টিপু বলেন, “প্রতিটি পাড়া-মহল্লায় আপনারা মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থান পাহারা দেবেন। এদের (যুবলীগ-ছাত্রলীগ) কোথাও পাওয়া গেলে সেখানে গণধোলাই দেওয়া হবে।”

অন্যদিকে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও স্থানীয় পর্যায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের জামায়াত কিংবা নতুন রাজনৈতিক দল এনসিপির কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেখা যায়নি। 

ঘটনাকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতিও প্রকাশ করা হয়নি। তাদের এই সম্পূর্ণ নীরবতা রাজনীতি সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও এনসিপির এই ভূমিকা কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি তাদের গভীর সুদূরপ্রসারী কৌশলগত অবস্থানের অংশ হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, “গুলশানের ঘটনা কিংবা স্থানীয়পর্যায়ে ছড়ানো গুজবের পর বিএনপির মত সাথে সাথে প্রতিক্রিয়া না জানিয়ে জামায়াত ও এনসিপির নীরব থাকা একটি সুসংগঠিত রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে হয়।

তারা সম্ভবত রাজপথের প্রতিক্রিয়া দেখানোর আগে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ওপর নজর রাখছে।

এছাড়া প্রতিপক্ষের যেকোনো তৎপরতায় হুট করে মাঠে নেমে অহেতুক রাজনৈতিক অস্থিতিশীলতা বা উত্তাপ সৃষ্টি না করে তারা হয়তো নিজেদের অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে মনোযোগ দিচ্ছে। এই কৌশলটি রাজনৈতিকভাবে তাদের জন্য পরিপক্ব সিদ্ধান্ত বলে বিবেচনা করা যায়।”

পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, এক পক্ষ যখন আওয়ামী লীগের যেকোনো ক্ষুদ্র তৎপরতা প্রতিহত করতে রাজপথ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে চাইছে, অন্য পক্ষগুলো তখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৌশলী অবস্থান বজায় রাখছে।

আগামী দিনে স্থানীয় রাজনীতিতে এই ভিন্ন ভিন্ন কৌশল কী ধরনের প্রভাব ফেলবে, তা দেখতে মুখিয়ে আছে স্থানীয় সাধারণ মানুষ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন