শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগরের ১১নং ওয়ার্ডে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক সংগঠন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আড়ালে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগ উঠেছে।
এ অবস্থায় তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো এবং অভিযোগের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাতক সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জসিম উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী এলাকায় পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ১১নং ওয়ার্ডে জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তার, জমি দখল, গার্মেন্টস খাতে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও প্রায় দুই মাস পর এলাকায় ফিরে আসেন বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে জসিম উদ্দিন পুনরায় এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে পলাতক সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তার নির্দেশে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জসিম উদ্দিনের সঙ্গে ১১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মাহাল উদ্দিন মালু, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুবলীগ নেতা আলাউদ্দিন শেখ, আওয়ামী লীগ নেতা বাবুল সরদারসহ আরও কয়েকজন নেতাকর্মী যোগাযোগ রেখে চলছেন এবং বিভিন্ন কার্যক্রমে তাদের একত্রিত হতে দেখা যাচ্ছে।
সম্প্রতি একটি সামাজিক সংগঠনের কার্যক্রমকে কেন্দ্র করে এসব নেতাকর্মীর একত্রিত হওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, সামাজিক সংগঠনের ব্যানার ব্যবহার করে তারা সাংগঠনিকভাবে নিজেদের পুনর্গঠনের পাশাপাশি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করতে পারেন।
এছাড়া জসিম উদ্দিন, আলাউদ্দিন শেখ এবং শাহ নিজামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমির হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
তাদের ভাষ্য, ওই সময় শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় শামীম ওসমানের সঙ্গে তাদের কয়েকজনকে সক্রিয় অবস্থায় দেখা গিয়েছিল।
এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সামাজিক সংগঠন, সামাজিক কর্মকাণ্ড কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে পুনরায় সংগঠিত হতে না পারেন এবং এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের নাশকতার সুযোগ সৃষ্টি না হয়—এ বিষয়ে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন ১১নং ওয়ার্ডের বাসিন্দারা।