নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আ’লীগের লকডাউনে না’গঞ্জে শূন্য মাঠ, রাজপথে বিএনপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগের লকডাউনে না’গঞ্জে শূন্য মাঠ, রাজপথে বিএনপি

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কোনো প্রভাবই পড়েনি পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে। ঢাকার কাছাকাছি হওয়ায় এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা অচলাবস্থার আশঙ্কায় নারায়ণগঞ্জবাসীর মনে কিছুটা উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি হয়েছিল। 

তবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা এবং রাজপথে বিএনপি ও তার অঙ্গসংগঠনের কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জের জনজীবন ছিল একেবারেই স্বাভাবিক।

রোববার সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবকিছুই ছিল অন্য আটদশটা সাধারণ দিনের মতো স্বাভাবিক। যানবাহন চলাচল ছিল নিয়মমাফিক, তবে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কিছুটা কম থাকায় তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি নগরবাসীকে।

শহরের ফুটপাত ও সড়ক দখল করে অন্য দিনের মতোই পসরা সাজিয়ে ব্যবসা চালিয়েছেন হকাররা। একাধিক হকার জানান, ঢাকার এই লকডাউনের বিষয়ে তারা কিছুই জানেন না।

এদিকে সামনেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা থাকায় হকারদের অধিকাংশ দোকানেই সনাতন ধর্মাবলম্বী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এ ছাড়া সরকারি-বেসরকারি দপ্তর, আদালত, ব্যাংক-বিমা এবং জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চলেছে। সাধারণ মানুষের মাঝে দৈনন্দিন কাজের ব্যস্ততা ছিল আগের মতোই।

লকডাউন কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই শহর ও জেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। জোরদার করা হয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি।

জেলার প্রধান প্রবেশমুখগুলোতে এবং জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়। মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, লকডাউন ঘোষণা করলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তবে আওয়ামী লীগ মাঠে না নামলেও নারায়ণগঞ্জের রাজপথ ছিল বিএনপি ও তার অঙ্গসংগঠনের দখলে।

সকালে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মহানগর যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিশাল মহড়া দেয়। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের অন্যতম নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর এবং যুবদল নেতা দুলালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই শো-ডাউনে অংশ নেন। মোটরসাইকেল মহড়াটি শিমরাইল মোড়, আদমজী ইপিজেডের নতুন রাস্তা, এসও ডিপো ও বান্দরীপুলসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মহড়া শেষে যুবদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, লকডাউনের অজুহাতে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের কোথাও কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।

এর আগে শনিবার বিকালেও একই বিষয়ে রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জলসিড়ি চত্বরে গিয়ে শেষ হয়।

সব মিলিয়ে, পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং রাজপথে বিএনপির শক্তিশালী অবস্থানের মুখে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের তথাকথিত এই লকডাউন কর্মসূচি পুরোপুরি ব্যর্থ হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন