নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কেবল অযৌক্তিকই নয়, গণবিরোধীও বটে : তারিকুল ইসলাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১২, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২১, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কেবল অযৌক্তিকই নয়, গণবিরোধীও বটে : তারিকুল ইসলাম

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম বলেন, সরকারের নতুন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে।  সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের দাম এত বেশি এর আগে কখনো বাড়ানো হয়নি। এই মূল্য বৃদ্ধি কেবল অযৌক্তিকই নয়, গণবিরোধীও বটে।  অতিরিক্ত এ মূল্যবৃদ্ধি দেশের পরিবহন থেকে শুরু করে উৎপাদন খাতে বড় প্রভাব ফেলবে। এর ফলে নিত্যপণ্যের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।

কিছুদিন আগেও গ্যাস-বিদ্যুৎ সংকটে জনজীবনে বিপর্যস্ত ছিল। বর্তমানে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হলেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষকে নতুন করে আরো বিপদে ফেলবে এবং শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং সরকারকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

তিনি আরো বলেন, মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খাতে সরাসরি প্রভাব পড়বে এবং পরিচালন ব্যয় বাড়াবে। নানান অজুহাতে পরিবহন খাতের সিন্ডিকেটরা পরিবহনের ভাড়া বাড়ানোর জন্য তৎপর থাকে। এখন তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে সুযোগ হিসেবে নিয়ে জনগণের পকেটকাটাকে উৎসবে পরিণত করবে।

একই সাথে কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে বাড়তি ব্যয় হবে। কৃষিতেও ডিজেলের ব্যবহারের কারনে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। একই সঙ্গে সার, বীজ ও কৃষি উপকরণ পরিবহনের খরচ বাড়ার প্রভাবও বাজারে পড়বে।

শিল্প খাতেও জ্বালানি ব্যয় ভাড়ার আশঙ্কা করে তারিকুল ইসলাম আরো বলেন, ডিজেলচালিত জেনারেটর, পণ্য পরিবহন ও উৎপাদনের বিভিন্ন কাজে বাড়তি খরচ হবে। গ্যাসের সংকটে যেসব শিল্প বিকল্প হিসেবে তরল জ্বালানি ব্যবহার করে, তাদের ওপর চাপ আরও বাড়তে পারে।

পেট্রোল ও অকটেনের দাম বাড়ায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীদের ব্যয়ও বাড়বে। সব মিলিয়ে জ্বালানি তেলের নতুন দাম পরিবহন ও উৎপাদন ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি করবে। সুতরাং দেশের মানুষ এবং শিল্পকে বিবেচনায় নিয়ে সরকারকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আমি আশা রাখি, সরকারের সুবোধের উদয় হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন