নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আতঙ্কিত হবেন না, আমরা রাজপথে আছি : রাজিব

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আতঙ্কিত হবেন না, আমরা রাজপথে আছি : রাজিব

সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, “একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সাধারণ দেশের মানুষকে ভয়ভীতি ও আতঙ্ক দেখিয়ে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে, তবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো জনগণকে আশ্বস্ত করা—আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দল বা নেতাকর্মীদের আপনারা গঠনমূলক সমালোচনা করুন, সেই অধিকার সবার রয়েছে। কিন্তু দেশের মানুষকে আতঙ্কিত করা, যাতায়াতে বিঘ্ন ঘটানো কিংবা বাসে আগুন দেওয়ার মতো অপকর্ম জাতীয়তাবাদী দলের কর্মীরা কখনো মেনে নেবে না। নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে এবং যেকোনো নাশকতা রাজনৈতিকভাবে প্রতিহত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সজাগ রয়েছে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজিব বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্যাতন ও যন্ত্রণা সহ্য করার পরও কোনো উসকানিমূলক আচরণ করেননি। তাঁর আদর্শের কর্মী হিসেবে আমাদের বাচনভঙ্গি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম বজায় রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের প্রধান বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল হোসিয়ারী সমিতির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধানসহ স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন