শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, “আমরা কিন্তু ১৭ বছর মাঠে ছিলাম। দেশের জন্য কাজ করেছি। আমরা পালিয়ে যাইনি। আমরা মামলা খেয়েছি, জেল খেটেছি। কিন্তু আমরা আবারও রাজপথে ফিরে এসেছি।”
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সজল।
সজল আরও বলেন, “হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার সহযোগী ও অপরাধীরা পালিয়ে গিয়েছেন। তারা দেশের বাইরে থেকে অর্থের লোভ দেখিয়ে এই দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে আমরা মনে করি।”
যুবদলের নেতাকর্মীদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা যুবদল কখনো বিক্রি হইনি। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। কারণ নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সংসদের সংসদ সদস্য এড. ফজলুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য এড. আবু কালাম প্রমুখ।