শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫২, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৩, ৬ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চাই। নানা ষড়যন্ত্রের মধ্যেও আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরানো সম্ভব হয়নি।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের কালীবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাশুকুল ইসলাম রাজিব বলেন, দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমাদের যে বন্ধনের সুযোগ ছিল, তা সীমিত করে রাখা হয়েছিল। কিন্তু গত দুই বছরে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে যে বন্ধন তৈরি হয়েছে, তা অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পূজা কমিটির সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, অতীতে আমরা এমনটা দেখিনি।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে যেকোনো সমস্যার সমাধানে আমাদের দল ও নেতাকর্মীরা সবসময় প্রহরীর মতো পাশে থাকার চেষ্টা করেছে। এর মূল কারণ হচ্ছে, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রয়েছে, সেটিকে আরও সুদৃঢ় ও প্রতিষ্ঠিত করা।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সবসময় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু আমাদের দলের প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত পরিষ্কার—এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই; সবাই বাংলাদেশি এবং প্রত্যেকের সমান অধিকার রয়েছে। আমরা সেই অধিকার ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাজিব বলেন, প্রতিবছর এই ফাউন্ডেশন এমন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। আগে এর কার্যক্রম আড়াইহাজারকেন্দ্রিক থাকলেও এখন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হয়েছে।
এ ধরনের মহৎ কাজে ফাউন্ডেশন যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, তার জন্য সংগঠনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এ ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে, আমাদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনও তত শক্তিশালী হবে।
শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্নে উৎসব পালনের বিষয়ে তিনি বলেন, পূজা উপলক্ষে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে পূজারীরা কোনো বাধা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সরকারের পাশাপাশি স্থানীয়ভাবেও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।