শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৫৯, ১৩ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সেলিনা হায়াৎ আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’। এ সময় নেতাকর্মীরাও জয় বাংলা শ্লোগান দেন । পরে তিনি গাড়িতে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
এদিকে আদালত প্রাঙ্গণে আইভীর স্লোগান দেওয়ার ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি সাবেক মেয়রের পুনর্জামিনের আবেদনও আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
আইভীর জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়।
মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরী ওসমান।