শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫৬, ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩নং ওয়ার্ডের সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে বিশাল মৌন মিছিল করেছেন দলীয় নেতাকর্মী ও তাঁদের অনুসারীরা। একই সঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে বহালের দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে নতুন কোর্ট এলাকা ও চানমারি রেললাইন হয়ে চাষাড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় নেতাকর্মীরা আনোয়ার প্রধানের চেম্বারে যান। সেখান থেকে তাঁকে সঙ্গে নিয়ে মৌন মিছিলে অংশ নেন তাঁরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আনোয়ার প্রধান ও শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের আদেশ প্রত্যাহার এবং তাঁদের স্বপদে বহালের দাবি জানান। এ সময় তাঁদের মধ্যে পদ স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।
মৌন মিছিল চলাকালে এড. এইচ এম আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির সদস্যপদও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি।
আনোয়ার প্রধান বলেন, তিনি দলের নেতাকর্মীদের কাছে এ বিষয়ে বিচার চেয়েছিলেন। কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছেন। দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছে, সেই লক্ষ্য বাস্তবায়নে দলের তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করা জরুরি। তাঁদের বাদ দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আনোয়ার প্রধান আশা প্রকাশ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর মতো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেন দলের ভেতরে বঞ্চনার শিকার না হন, সে বিষয়েও দলের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মৌন মিছিল থেকে নেতাকর্মীরা অবিলম্বে পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে এড. এইচ এম আনোয়ার প্রধান ও এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতকে স্বপদে বহালের দাবি জানান।