নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে কাজ করতে চাই : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২৫, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২৭, ২০ অক্টোবর ২০২৬

হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে কাজ করতে চাই : সজল

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। রাষ্ট্র থেকে একজন নাগরিক যে অধিকার ভোগ করবেন, অন্য নাগরিকও সেই অধিকার ভোগ করবেন।

রাষ্ট্রে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে হিন্দু-মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

‎‎শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি নগরীর খানপুরের সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

‎‎মনিরুল ইসলাম সজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় বাজেটের বিষয়ে জানতে চেয়েছিলেন। তখন ৪০ কোটি টাকার প্রয়োজনের কথা জানানো হলে তিনি আরও ১০ কোটি টাকা বাড়িয়ে ৫০ কোটি টাকার বাজেট করেন বলে তিনি উল্লেখ করেন।

‎‎তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের ছোট ভাই মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জের ৫২টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।

পাশাপাশি নারায়ণগঞ্জের সেরা ১০টি পূজামণ্ডপের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিসর্জনের দিন এসব পুরস্কার বিতরণ করা হবে। নগর খানপুরের সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপও এ পুরস্কার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজনের প্রশংসা করে সজল বলেন, পূজা উদযাপন কমিটির সদস্যরা সম্মিলিতভাবে যে পরিশ্রম করেছেন এবং মণ্ডপটি যেভাবে সাজিয়েছেন, তা অত্যন্ত সুন্দর হয়েছে। এ মণ্ডপ পুরস্কার পাওয়ার যোগ্য বলে তিনি মনে করেন।

‎তিনি বলেন, “আপনারা সবাই সুন্দরভাবে পূজা উদযাপন করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদে পাশে থাকতে চাই। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”

‎‎নির্বাচনে বিএনপির প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সমর্থনের প্রসঙ্গ তুলে সজল বলেন, যারা বিএনপিকে ভোট দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন, সেই ভালোবাসার মর্যাদা রাখতে চান তারা। মানুষের আস্থা ও ভালোবাসা আরও অর্জন করতে বিএনপি কাজ করবে। অতীতের মতো ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা আব্দুল হালিম, নাসের হক ইমন।

‎‎এ ছাড়া সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি ঠাকুর সাহা, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন