নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসা ও ভোট পেয়েই আমরা নির্বাচনে বিজয়ী হয়েছি : রেজা রিপন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৩, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৩, ২৪ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের ভালোবাসা ও ভোট পেয়েই আমরা নির্বাচনে বিজয়ী হয়েছি : রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বারবার সময়ের পরীক্ষায় এবং বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

আপনারা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যার প্রমাণ আমরা নির্বাচনের সময় পেয়েছি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বিপুল ভালোবাসা ও ভোট পেয়েই আমরা বিজয়ী হয়েছি। আপনাদের প্রতি আমাদের ভালোবাসা অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎‎শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে মহানগরীর শারদীয় দুর্গোৎসবের সেরা ১০টি পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎রেজা রিপন বলেন, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান পূজামণ্ডপে গিয়েছেন এমন উদাহরণ আপনারা দিতে পারবেন কি না, তা ভেবে দেখুন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই; আমরা সবাই বাংলাদেশি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাঁর এই বক্তব্যের প্রতিফলন ঘটাতে তিনি ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপে এবং নিজের নির্বাচনী এলাকা ধানমন্ডিতে যোগাযোগ রেখেছেন ও সহযোগিতা করেছেন।

‎‎তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা, ব্যক্তিগত অনুদান এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় এবারের দুর্গোৎসবে আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয়েছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। আমাদের মধ্যে যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে, তা আজীবন অটুট থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

‎‎মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ফাউন্ডেশনটি শুধু দুর্গাপূজায় সহযোগিতা করেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে না। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো বিপদ-আপদ, শারীরিক অসুস্থতা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ও এর চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব সব সময় তাঁদের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎অনুষ্ঠানে সেরা ১০টি পূজামণ্ডপকে উপহার দেওয়ার প্রসঙ্গে রেজা রিপন বলেন, পুরস্কার বা উপহার পাওয়ার ক্ষেত্রে কেউ প্রথম হবেন, কেউ দ্বিতীয়—এটাই স্বাভাবিক। এতে মন খারাপ করার কিছু নেই। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভালোবাসা ভাগাভাগি করা এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা।

‎‎নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। 

‎‎এছাড়াও মহানগর বিএনপি ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না,জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, মিঠুন মোদক, সিনিয়র সহ-সভাপতি নিতাই দত্ত, সহ- সভাপতি সুশীল দাস, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ। 
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন