শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৭, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫১, ২৫ অক্টোবর ২০২৬
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি সরকার গঠনের পর এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে সংগঠনটি।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পৃথক আনন্দ র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা ও মহানগর যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হবে।
এতে মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বন্দর উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেবেন।
তিনি আরও জানান, আগামী ২৮ অক্টোবর মহানগর যুবদলের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক জানান, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সকাল এগারোটায় নতুন কোর্টের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে জেলা যুবদলের সদস্য সচিবের সঙ্গে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। জেলা যুবদলের আওতাধীন সকল ইউনিটের যুবদলের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি চলছে। আনন্দ র্যালির পাশাপাশি জনসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।