শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৪, ১ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রবেশ করলে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
রবিবার (১ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি এবং শ্রমিক কমিটির উদ্যোগে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
বক্তব্যে শামীম ওসমানকে উদ্দেশ্য করে টিপু বলেন, ‘ফ্যাসিস্টরা কানাঘুষা করছে। নারায়ণগঞ্জে একজন চাপাবাজ, নাটকবাজ গডফাদার রয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে আসবেন, কামান-গোলাবারুদও তাঁকে আটকাতে পারবে না।
অথচ তিনি বোরখা পরে পালিয়ে গেছেন। তিনি একজন কাপুরুষ। এবার নারায়ণগঞ্জে প্রবেশ করলে তাঁর হাত-পা ভাঙবে কি না, সেটা দেখে নেবেন।’
তিনি আরও বলেন, ‘ওই পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ থেকে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এরপরও জুলুম, হুমকি-ধমকি ও সন্ত্রাসের মাধ্যমে আবারও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করতে চান। জীবনে অনেক চাঁদাবাজি করেছেন, এখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান।’
টিপু বলেন, ‘আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ আমেরিকায় বসে বড় বড় কথা বলছেন। আবার নারায়ণগঞ্জে আসার ঘোষণা দিচ্ছেন। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।’
এ সময় তিনি আরও বলেন, শামীম ওসমান, তাঁর ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের বক্তব্য ও হুমকি-ধমকি বন্ধ হয়নি। এবিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।