শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৭, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৮, ৪ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ফ্যাসিবাদী দোসররা শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিভিন্ন শিল্পকারখানায় হামলা ও ভাঙচুর করে দেশের শিল্প খাতকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাই শ্রমিক ভাইদের এসব ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দিয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, বিগত তিন-চার দিন ধরে দেশের বৃহৎ গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী শ্রমিক আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালাচ্ছে।
এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। এই দেশ শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের সবার। তাই দেশের স্বার্থে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন শিল্পকারখানার সামনে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে মহানগর যুবদলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান মজুরি বোর্ড গঠন করেছেন। ইতোমধ্যে টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত মজুরি পাবেন। কত টাকা মজুরি নির্ধারণ করা হবে, তা মজুরি বোর্ড সিদ্ধান্ত নেবে। সরকার শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করেই কাজ করছে।
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই নিজেদের কর্মস্থল বা শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করবেন না। প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে আপনাদের কর্মসংস্থানও থাকবে না। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষও। যারা শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে এবং নিজেদের কর্মস্থল রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে আপনারা দীর্ঘদিন কাজ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন, সেই প্রতিষ্ঠান রক্ষার দায়িত্বও আপনাদের। ধৈর্য ধারণ করে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
শ্রমিকদের কল্যাণে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা ধৈর্যসহকারে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের স্বার্থে এবং শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে। একটি সুন্দর ও সুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুনসহ যুবদলের নেতৃবৃন্দ।